করণকে জেলে পাঠাতে চান কঙ্গনা
বলিউড পাড়ায় কঠোর পরিশ্রমী নায়িকাদের মধ্যে একজন কঙ্গনা রানাউত। জীবনের অনেক কঠিন বাস্তবতার চড়াই-উৎড়াই পার করে বলিউড পাড়ার এক ঝলমলে স্টারের জায়গা করে নিয়েছেন বেশ কৃতিত্বের সঙ্গেই। উচিত কথা মুখের উপর বলে দেওয়ায় অনেকের সঙ্গে ঝামেলা বেধেছে এ ঠোঁট কাটা নায়িকার।
কঙ্গনা মনে করেন, বলিউড ইন্ডাস্ট্রিতে যোগ্য অভিনেত্রীরা সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পান না স্বজনপ্রীতির কারণে। আর এর বড়ো উদাহরণ হলো বলিউডের আরেক জনপ্রিয় পরিচালক করণ জোহর। তিনি সব সময়েই তার ছবিতে নায়ক বা নায়িকা হিসেবে কাস্ট করেন তার পরিচিতদের মধ্য থেকে।
করণ-কঙ্গনা তিক্ততা শুরু হয়েছিল করণেরই জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণে’। যেখানে হয়ে আসা অতিথি কঙ্গনা বলিউড ইন্ডাস্ট্রির নেপোটিজম বিষয়ে মন্তব্য করে অনুষ্ঠানের পরিবেশ গরম করে তোলে।
এরপর থেকে বলিউডে যত দিন এগিয়েছে করণ-কঙ্গনার দ্বন্দ্ব ততই বেড়েছে। তার উপর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা যেভাবে করণ জোহরকে এ মৃত্যুর জন্য দায়ী করেছিলেন তাতে তাদের সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠেছিল। সে ঝামেলা এখনও চলছে। সুযোগ পেলেই একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না কঙ্গনা ও করণ।
সম্প্রতি সেই দ্বন্দ্বের আগুনে আবারও ঘি ঢাললেন কঙ্গনা নিজেই। নতুন টিভি শোয়ের প্রচারে এসে কঙ্গনা স্পষ্ট জানালেন পরিচালক করণকে তিনি জেলে পাঠাতে চান! অবশ্য এই জেলখানা একান্তই কঙ্গোনার নিজের।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। প্রযোজক একতা কাপুরের নতুন রিয়্যালিটি শো লকআপে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। একতার ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে ২৭ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই শো। সেই শোয়ে এক ঝাঁক তারকাকে থাকতে হবে কঙ্গনার জেলে। যেখানে কঙ্গনার নির্দেশেই চলতে হবে তাদের।
এই শোয়ের প্রচারেই কঙ্গনা বলেন, আমার শত্রুর তালিকা অনেক বড়। তবে যদি সুযোগ পাই, তাহলে সবার প্রথম করণ জোহরকেই জেলে পাঠাতে চাই। আর তার ঠিক পাশের কারাগারে থাকবে একতা। একতা ও করণকে কঠিন শাস্তি দিতে চাই আমি।
গুঞ্জন উঠেছে, ‘বিগ বস’কে টেক্কা দিতেই নাকি নতুন এই রিয়ালিটি শো আনছেন প্রযোজক একতা কাপুর। তবে সঞ্চালক হিসেবে সালমানকে সত্যিই টেক্কা দিতে পারবেন কিনা কঙ্গনা তা শুধু সময়ই ভালো বলতে পারবে।
এন-কে


আপনার মতামত লিখুন