আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন : মির্জা ফখরুল
আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তার একটাই কারণ—আওয়ামী লীগ সম্পূর্ণ মিথ্যাবাদী ও প্রতারক।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি বলছি ’৭২ থেকে ’৭৫ সালের কথা, যখন তাঁরা ক্ষমতায় ছিল, তখনও জনগণকে মিথ্যা বলেছে। তখন বলেছে, বাংলাদেশকে সোনায় মুড়িয়ে দেবে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা দেবে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে। কিন্তু, তখনও তাঁরা এসব করেনি। তখন একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে।’
বিএনপির মহাসচিব বলেন, “আজ সেই একইভাবে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনা হিজাব পরে এবং হাতে তসবি নিয়ে জনগণের সামনে গিয়ে বলেছিলেন—“অতীতে যদি কোনো ভুলত্রুটি করে থাকি তাহলে মাফ করে দিয়েন। আমাদের একবার ভোট দেন।’ তখন মানুষ ভোট দিয়েছিল।”
মির্জা ফখরুল বলেন, ‘ওই নির্বাচনে তাঁরা বলেছিলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াবেন, বিনা পয়সায় সার দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। এর একটিও তাঁরা পালন করেনি। বরং এখন ৭০ টাকা চালের দাম, সারের দাম আগের তুলনায় ১০০ গুণ বেশি। আর, আওয়ামী লীগের শিষ্য ছাড়া তো চাকরি পাওয়াই যায় না, এদিকে কমপক্ষে ২০ লাখ টাকা ঘুস দিতে হয়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘রফিকুল আলম মজনুকে কেন গ্রেপ্তার করেছে? কারণ, তিনি জনপ্রিয় নেতা। তিনি বাইরে থাকলে মানুষ আরও বেশি সংগঠিত হবে। তিনি আন্দোলনকে বেগবান করবেন।’
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন প্রমুখ।
এন-কে


আপনার মতামত লিখুন