কক্সবাজারে দুই ছিনতাইকারী গ্রেফতার
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল গফুর মিন্টু (২৬) ও মো. আব্দুর শুক্কুর ওরফে মনজুর ওরফে ব্লেড শুক্কুর (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১১টায় দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আব্দুল গফুর শহরের মোহাজের পাড়া এলাকার মৃত মোজাফফরের ছেলে এবং শুক্কুর উখিয়া হলদিয়াপালং এলাকার মোজাফফরের ছেলে। শুক্কুর বর্তমানে শহরের পূর্ব বাহারছড়ায় (এসপির বাংলোর পিছনে) বসবাস করছে।
আজ ১৩ এপ্রিল, বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
র্যাব জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে সাগরের সুগন্ধা পয়েন্ট এলাকায় হোটেল প্যারাডাইসের সামনে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছিল অপরাধীরা। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি টিম অভিযানে গেলে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ টি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে র্যাব আরও জানায়, তারা পেশাদার ছিনতাইকারী। তারা ছুরি ও চাকুর ভয় দেখিয়ে শহরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন