পাহাড়তলী মার্শাল ইয়ার্ডে ২ ট্রেনের সংঘর্ষ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর মার্শাল ইয়ার্ডে মহানগর এক্সপ্রেস ও মেঘনা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ ২৫ এপ্রিল, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। এই ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলী, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।
জানা গেছে, সকালে মহানগর এক্সপ্রেস ট্রেন মার্শাল ইয়ার্ডে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হয়। ট্রেনটি পরিষ্কার করা শেষে ইয়ার্ড থেকে বের হওয়ার সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটিকেও মার্শাল ইয়ার্ডে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সাধারণত মহানগর এক্সপ্রেস ট্রেন বের হওয়ার পর মেঘনা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল।
এ ঘটনায় ডিটিও আনসার আলী বলেন, ‘মহানগর এক্সপ্রেস ট্রেনটি মার্শাল ইয়ার্ড ত্যাগ করার পর মেঘনা এক্সপ্রেস ঢোকার কথা ছিল। কিন্তু মহানগর এক্সপ্রেস ট্রেনটি বের হওয়ার আগেই মেঘনা ঢুকে যাওয়ায় সংঘর্ষ হয়। কেন এমন ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আমরা তদন্ত করার পর বিস্তারিত বলতে পারব।’
এন-কে


আপনার মতামত লিখুন