খুঁজুন
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ লড়াইয়ের পরও চট্টগ্রাম টেস্ট ড্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ
দারুণ লড়াইয়ের পরও চট্টগ্রাম টেস্ট ড্র

শ্রীলঙ্কা-দ্বিতীয় ইনিংসে ২৬০/৬ (৯০.১ ওভার); বাংলাদেশ- প্রথম ইনিংসে ৪৬৫ ; শ্রীলঙ্কা- প্রথম ইনিংসে ৩৯৭

দিনেশ চান্দিমালের সঙ্গে নিরোশান ডিকবেলার অপরাজিত ৯৯ রানের জুটি শেষে ড্র ঘোষণা হলো চট্টগ্রাম টেস্ট। দ্বিতীয় সেশনে যখন তারা ক্রিজে যোগ দেন, তখন বিপদেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু ক্রিজে সেট হয়ে যান এই দুই ব্যাটসম্যান, বাংলাদেশি স্পিনারদের ভালোভাবে সামাল দেন। শেষ সেশনেও তাদের জুটি ভাঙতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের প্রায় দেড় ঘণ্টা বাকি থাকলেও তাই ফল যে হচ্ছে না, তা ছিল এক প্রকার নিশ্চিত। তাই সোয়া চারটার দিকে ড্র ঘোষণা করা হয়। ৬১ রানে ডিকবেলা ও ৩৯ রানে চান্দিমাল অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৬০ রান। এই ইনিংসে চারটি উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে ১৯৯ রান করা লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড গেছে নাঈম ইসলামের হাতে, প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে বাংলাদেশি স্পিনার নেন ৬ উইকেট।

শ্রীলঙ্কার লিড দেড়শ ছাড়াল, ডিকবেলার হাফ সেঞ্চুরি

ধনঞ্জয়া ডি সিলভা আউট হওয়ার পর মাঠে নেমে প্রথম বলেই জীবন পান নিরোশান ডিকবেলা, দলকে দেড়শর বেশি লিড এনে দেওয়ার পথে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। ৮৪তম ওভারে তাইজুলের বলে সিঙ্গেল নিয়ে ৮৩ বলে ফিফটি ছোঁন এই ব্যাটসম্যান। তার সঙ্গে দিনেশ চান্দিমাল ক্রিজে সেট হয়ে গেছেন। তাদের অপরাজিত জুটিতে শ্রীলঙ্কার লিড দেড়শ ছাড়িয়ে গেছে। ১৩৭ রানে এগিয়ে থেকে শেষ সেশনে ব্যাট করতে নামে তারা।

১৩৭ রানের লিড নিয়ে চা বিরতিতে শ্রীলঙ্কা

নেমেই জীবন পাওয়া নিরোশান ডিকবেলা বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়েছেন দিনেশ চান্দিমালকে নিয়ে। দ্বিতীয় সেশনে তারা লিড বাড়িয়ে নিচ্ছেন, সফরকারীরা ১৩৭ রানে এগিয়ে। দলীয় স্কোর ২০০ পেরিয়ে গেছে। দ্বিতীয় সেশন শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ২০৫।

সাকিবের শিকার ধনঞ্জয়া, শ্রীলঙ্কার লিড একশ ছাড়াল

সাকিব আল হাসান ফেরালেন ধনঞ্জয়া ডি সিলভাকে। ৩৩ রানে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ হন ধনঞ্জয়া। তার ৬০ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছয়। পরের বলেই নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকবেলাও উইকেট হারাতে বসেছিলেন। তার নেওয়া জোরে শট বেরিয়ে যায় তাইজুল ইসলামের হাত ফসকে। আউট হওয়ার বদলে বাউন্ডারি মারেন ডিকবেলা। ওই ওভারের শেষ বলে আরেকটি চার মেরে সফরকারীদের ১০০ রানের লিড এনে দেন তিনি।

শ্রীলঙ্কার লিড একশর পথে

একশর পথে শ্রীলঙ্কার লিড। দিমুথ করুণারত্নের গুরুত্বপূর্ণ উইকেট যাওয়ার পর ক্রিজে হাল ধরেছেন দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। লাঞ্চের পর হাফ সেঞ্চুরি মারা করুণারত্নে আর বেশিক্ষণ টেকেননি। তাইজুল তাকে নিজের চতুর্থ শিকার বানান। দ্বিতীয় ইনিংসে ৯১ রানে এগিয়ে শ্রীলঙ্কা।

করুণারত্নেকেও ফেরালেন তাইজুল

দিমুথ করুণারত্নেকে ৫২ রানে আউট করলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারের প্রথম বলে শ্রীলঙ্কা অধিনায়ক মিডউইকেটে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দিলেন। তার ১৩৮ বলের ইনিংসে ছিল দুটি চার। তাইজুল পেয়ে গেলেন তার চতুর্থ উইকেট।

লাঞ্চের পর করুণারত্নের ফিফটি

দিমুথ করুণারত্নে তার ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি করলেন লাঞ্চের পরপর। ৪৪ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করা লঙ্কান অধিনায়ক দ্বিতীয় সেশনের প্রথম ওভারের শেষ বলে তিন রান নিয়ে পঞ্চাশ ছোঁন। ১৩২ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। অন্য প্রান্তে খেলছেন ধনঞ্জয়া ডি সিলভা।

প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার লিড ৬০

পঞ্চম ও শেষ দিন প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার লিড ৬০। দলটির সংগ্রহ ১২৮ রানে ৪ উইকেট। দিনের শুরুতেই আগ্রাসী ব্যাটিং করে লিড এনে দিয়েছিলেন কুশল মেন্ডিস। ক্রিজে আছেন দিমুথ করুনারত্নে ৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১২ রানে। এই সেশনে তারা ২ উইকেট হারিয়ে ৮৯ রান যোগ করে। ২টি উইকেটই নেন তাইজুল।

এবার ম্যাথুজকে শূন্য রানে ফেরালেন তাইজুল

আগের ইনিংসে ১৯৯ রান করা ম্যাথুজকে এবার তাইজুল ফেরালেন শূন্য রানে। প্রথম ইনিংসে ১৯৯ রান করে শ্রীলঙ্কাকে এগিয়ে দিয়েছিলেন ম্যাথুজ। দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না। ক্যারিয়ারে তৃতীয়বারের মত আউট হয়েছেন শূন্য রানে। ৫ বছরের মধ্যে এটি প্রথম। তাইজুলকে ফিরতি ক্যাচ দেন তিনি। শ্রীলঙ্কার ৪ উইকেটের মধ্যে ৩টিই নিয়েছেন তাইজুল, আরেকটি সরাসরি তার অবদান। থ্রোতে রানআউট করেন গতকাল শেষ বিকেলে।

সেই কুশলকে ফিফটি করতে দিলেন না তাইজুল

কুশল মেন্ডিসকে বোল্ড করে ফেরালেন তাইজুল ইসলাম। মাত্র ২ রানের জন্য পাননি ফিফটি। শুরু থেকেই ভোগাচ্ছিলেন। সমানতালে রান তুলছিলেন পেস-স্পিনে। যদিও চল্লিশের ঘরে যাওয়ার পর কিছুটা শান্ত। ফিফটি থেকে যখন ২ রান দূরে তখন আক্রমণে তাইজুল। তার ফ্লাইট ডেলিভারি ফরোয়ার্ড ডিফেন্স করতে চেয়েছিলেন মেন্ডিস, কিন্তু বল ব্যাট ছুঁয়ে ভেঙে দেয় স্ট্যাম্প। ৮ চার ও ১ ছয়ে ৪৩ বলে ৪৮ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ছক্কা মেরে জুটির ৫০

এক প্রান্তে কুশল মেন্ডিস আগ্রাসী ব্যাটিং করছেন অন্য প্রান্তে করুনারত্ন খেলছেন সাবধানী ইনিংস। নাঈম হাসানকে ছয় মেরে জুটির ফিফটি পূর্ণ করেন মাত্র ৪৯ বলে। তাতে ২৬ বলে ৪০ রানই কুশলের। এরপরেই ২৭.২ ওভারে দলীয় ১০০ পূর্ণ করে শ্রীলঙ্কা। লিড দাঁড়ায় ৩২।

কুশলের আগ্রাসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার লিড

কুশল মেন্ডিসের আগ্রাসী ব্যাটিংয়ে দিনের শুরুতেই শ্রীলঙ্কার লিড। ২৯ রানে পিছিয়ে থেকে দিন শুরু করেছিল তারা। শুরু থেকেই কুশল খেলেন আগ্রাসী। দিনের প্রথম ওভার থেকেই কুশলের মার শুরু। তাইজুলের চতুর্থ বলে কাভার দিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। এক বল ডট দিয়ে আবার চার। এবার মিডউইকেট অঞ্চল দিয়ে। পরের ২ ওভার কোনো চার আসেনি। কিন্তু খালেদের করা ২১তম ওভারে টানা তিন চার মেরে পুষিয়ে দেন। এই ওভারে নেন ১৪ রান। প্রথম ২৩ মিনিটেই তারা লিড টপকে যায়। বাংলাদেশের ৬৮ রানের লিড টপকে যায় শ্রীলঙ্কা।

করুনারত্নের সঙ্গী মেন্ডিস

অপরাজিত দিমুথ করুনারত্নর সঙ্গী হন কুশল মেন্ডিস। মেন্ডিস নাইটওয়াচম্যান অ্যাম্বুলদেনিয়ার জায়গায় ব্যাটিংয়ে নামেন। ১৯ রানে দিন শুরু করেন করুনা। শ্রীলঙ্কার লিড পেতে আরও ২৯ রান প্রয়োজন।

জয়ে চোখ বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন বৃহস্পতিবার (১৯ মে) মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্রুত উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে লিটন দাস জানিয়েছেন, তারা শ্রীলঙ্কার উইকেটগুলো দ্রুত তুলে নিতে চান। আজ দিনেও ম্যাচ বের করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। মাঠে তারা সেই চেষ্টাই করবেন।

চতুর্থ দিন শেষে

নাইটওয়াচম্যান অ্যাম্বুলদেনিয়া আউট হতেই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। ওশাদা ফার্নান্দোকে সরাসরি থ্রোতে রানআউটের পর অ্যাম্বুলদেনিয়াকে বোল্ড করেন তাইজুল। শেষ বিকেলে বাংলাদেশ শিবির উল্লাসে ভাসে তাইজুল ম্যাজিকে। বাংলাদেশের ৫৮ রানের লিডের বিপরীতে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৯ রান। করুনারত্ন অপরাজিত আছেন ১৯ রানে। বাংলাদেশএগিয়ে আছে ২৯ রানে। এর আগে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৪৬৫ রান করে। লিড দাঁড়ায় ৬৮ রান।

এন-কে

Feb2

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন মহলে সমালোচনার কারণে বিষয়টি সরকারে ভাবমূর্তির ক্ষতি করেছে বলেও মনে করা হচ্ছে। এ কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র আরও জানায়, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

নতুন নাম চূড়ান্ত করার আগে আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মতামত দিতে বলা হবে। এরপর প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

নামগুলো তার পারিবারিক উপাধি ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’

৩০ মিলিয়ন ডলারের ৪টি গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে ভিড়ল জাহাজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
৩০ মিলিয়ন ডলারের ৪টি গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে ভিড়ল জাহাজ

দেশের প্রথম বিদেশি অপারেটর দিয়ে পরিচালিত বন্দর টার্মিনাল পিসিটির জন্য এসেছে ৪টি অত্যাধুনিক কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি)। চীন থেকে প্রায় ৩০ মিলিয়ন ডলারে সংগ্রহ করা ৪টি শিপ টু শোর কিউসিজি নিয়ে আসা বিশেষায়িত ডেক জাহাজ ‘LAN HAI HONG YUN’ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ভিড়েছে।

এর জন্য বন্দরের দুইজন অভিজ্ঞ পাইলট এবং তিনটি শক্তিশালী টাগবোট নিয়োজিত ছিল।

বিষয়টি পিসিটি পরিচালনার দায়িত্বে থাকা সৌদি আরব ভিত্তিক বেসরকারি টার্মিনাল অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বন্দরের ডেপুটি কনজারভেটর কিউজিসি নিয়ে আসা জাহাজটি থেকে আনলোডকালীন কর্ণফুলী চ্যানেলে পিসিটি সংলগ্ন এলাকায় সব বাণিজ্যিক জাহাজ ও কোস্টার, ট্যাংকার, ফিশিং ট্রলার চলাচলে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পিসিটি জেটি থেকে কমপক্ষে ১০০ মিটার পূর্ব তীর ঘেঁষে চলাচলের জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। এর আগে চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটির জন্য কিউজিসি আনার অভিজ্ঞতা থাকায় বন্দর কর্তৃপক্ষ বহির্নোঙর থেকে বিশেষায়িত জাহাজটি সহজে পিসিটিতে নিয়ে আসতে সক্ষম হয়।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুততম সময়ে এবং নিরাপদে জাহাজ থেকে কনটেইনার নামাতে বা জাহাজে তুলতে কিউজিসি সবচেয়ে আধুনিক। কিউজিসি না থাকলে নিজস্ব ক্রেন নেই এমন জাহাজ থেকে কনটেইনার খালাস করা যায় না কিংবা ঝুঁকির।

কিউজিসি সরবরাহের আদেশ দেওয়ার পর তৈরি করতে এক বছরের বেশি সময় লাগে। পিসিটিতে কিউজিসি যুক্ত হচ্ছে এটি নিঃসন্দেহে মেরিটাইম বিশ্বের জন্য ইতিবাচক দিক। কিউজিসি আনলোড করার পর অপারেশনাল করতে মাসখানেক সময় লাগতে পারে।

সূত্র জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে ৪টি কিউজিসি কেনার চুক্তি করে রেড সি গেটওয়ে টার্মিনাল। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ম্যানেজার আলতাফুল আজম, প্রকৌশল বিভাগের প্রধান (আরএসজিটি চট্টগ্রাম) ফেরদৌস রহমান, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রধান (আরএসজিটি জেদ্দা) কোয়ান হি. হান, আরএসজিটি চট্টগ্রাম সিইও অ্যারউইন হেইজ, সানি-এর জেনারেল ম্যানেজার চেন জিং, বিদেশী বিক্রয় বিভাগের জিএম ট্যাং ওয়েইবিন, গবেষণা ও উন্নয়ন বিভাগের ভাইস ডিন এলভি গুওজেন, মেনা-এর ডেপুটি জিএম টং লিচাও।

অত্যাধুনিক ক্রেনগুলোর আরএসজিটি বাংলাদেশের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা ২ লাখ ৫০ হাজার টিইইউ’এস (২০ ফুট হিসেবে) থেকে ৬ লাখ টিইইউ’এসে বাড়বে যা এর পরিচালনার দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং লজিস্টিক খরচ কমিয়ে দেবে। এর আগে ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি) সংগ্রহে ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে আরএসজিটি।

১ হাজার ২০০ কোটি টাকায় পিসিটি তৈরি করেছে চট্টগ্রাম বন্দর। চুক্তি অনুযায়ী সেই টার্মিনালে যন্ত্রপাতি কিনে পরিচালনা করছে রেড সি। তারই অংশ হিসেবে কিউজিসি আসছে পিসিটিতে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা নিরাপদ রাখতে পিসিটির তিনটি জেটির একটিতে উচ্চতাসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। তাই বাকি দুটি জেটিতে বসানো হবে চারটি গ্যান্ট্রি ক্রেন।

চট্টগ্রাম বন্দরের সাথে পিসিটি ২০২৩ সালের ডিসেম্বরে ২২ বছর মেয়াদি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, রেড সি গেটওয়ে টার্মিনাল পিসিটির আধুনিকায়ন, গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ এবং প্রযুক্তিগত উন্নয়নে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা। চুক্তির শুরুতে কনসেশন ফি ১৮ দশমিক ৩ মিলিয়ন ডলার দিয়েছে বন্দরকে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে পিসিটিতে কনটেইনার উঠানামা হয়েছে ১ লাখ ৪৩ হাজার টিইইউএস। এর মধ্যে ৫০ শতাংশ আমদানি পণ্যের কনটেইনার। ১৯ শতাংশ রপ্তানি পণ্যের কনটেইনার। প্রতিমাসে এখন ১১-১২টি কনটেইনার জাহাজ পিসিটিতে ভিড়েছে। কিউজিসি অপারেশনাল হলে জাহাজের সংখ্যা ও কনটেনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা অনুযায়ী করতে পারবে পিসিটি।

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেন।

গেজেটে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেন।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু রঙের শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের।

এ ছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।