ঈদের পর ফের প্রেক্ষাগৃহে বুবলী
গত রোজার ঈদে শবনম বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে বুবলীর সহশিল্পী ছিলেন চিত্রনায়ক শাকিব খান। এরই মধ্যে আসন্ন ঈদে এই জুটির আরেকটি সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। কিন্তু তার আগেই আরেকটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে বুবলী।
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়জীবন শুরু করে দর্শকপ্রিয়তা পান শবনম বুবলী। শাকিবের সঙ্গে পরপর সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ায় অন্য কোনো নায়কের সঙ্গে অভিনয়ে যুক্ত হতে পারেননি তিনি। তবে চোখ সিনেমার মুক্তির মধ্য দিয়ে ঢালিউডের অন্য নায়কদের সঙ্গে জুটি বাঁধেন বুবলী।
সৈকত নাসিরের পরিচালনায় ‘তালাশ’ নামের একটি সিনেমা শুক্রবার দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বুবলী। ব্যান্ডশিল্পীর চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ।
এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমাটিতে নায়রা নামের একটি চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটির গল্পে দেখানো হয়েছে, যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন সব বিষয় তুলে ধরা হয়েছে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে।’
তবে বুবলীর প্রত্যাশা, নায়ক নয়, গল্পের ভিন্নতা আর অভিনয় দক্ষতায় বাংলা চলচ্চিত্রের আকাশে নিজের নামটি লিখে রাখতে চান আজীবন।
এন-কে



আপনার মতামত লিখুন