ঈদে আসছে সুনেরাহ-রোশানের ‘শুল্কপক্ষ’
বর্তমান সময়ের খ্যাতিমান এবং তরুণ পরিচালক ভিকি জাহেদ। ভিন্নধর্মী গল্প এবং নির্মাণশৈলীতে ছোট পর্দার নাটকপাড়ায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। তার নির্মিত সব কাজই রহস্য এবং টুইস্টে ভরপুর।
যা দর্শককের আগ্রহ ধরে রাখে নাটকের শেষ অবধি। এই ঈদে আবারও টুইস্ট এবং সাসপেন্সে মোড়ানো রোমান্টিক থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন ভিকি জাহেদ। পর্দায় নিয়ে আসছেন সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউল রোশান নতুন জুটিকে।
আসন্ন ঈদে চরকিতে মুক্তি পাবে সুনেরাহ-রোশান অভিনীত ওয়েব ফিল্ম ‘শুল্কপক্ষ’। এক ইউনিভার্সিটিপড়ুয়া মেয়ের চরিত্রে থাকছেন সুনেরাহ। আর হুমায়ুন নামের চরিত্রে রোশান। বড় পর্দার অভিনেতা রোশানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতার ব্যক্ত করে তিনি বলেন, ‘নতুন অভিনেতাদের সঙ্গে কাজ করে বরাবরই আমার ভালো লাগে। রোশানের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। অনেক কিছু শিখতে পেরেছি।’
বরাবরই পরিচালক ভিকি জাহেদের ভিন্ন ধাঁচের এবং ক্রাইম থ্রিলার কাজ পছন্দ করেন অভিনেতা রোশান। সেই সুবাদেই দশর্ককে ভিন্ন স্বাদের কাজ উপহার দিতে পরিচালকের সঙ্গে কাজের ইচ্ছা পোষণ করেন তিনি। এ ছাড়া চলচ্চিত্রের তুলনায় ওটিটির কাজের ভিন্নতা এবং ভালোলাগার কথাও জানান রোশান। তিনি বলেন, ‘একেবারে ভিন্ন এবং আনপ্রেডিক্টেবল গল্প দেখতে পাবেন দর্শক। গল্পে প্রচুর থ্রিলার আর সাসপেন্স রয়েছে।’
তা ছাড়া অভিনেত্রী সুনেরাহর সঙ্গে প্রথমবারের মতো কাজ করে ভালোলাগার কথাও জানান তিনি। সব মিলিয়ে দারুণ একটি কাজ দর্শক উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন রোশান। ওয়েব ফিল্ম ‘শুল্কপক্ষ’তে আরও অভিনয় করেছেন খায়রুল বাশার, ফারুক আহমেদসহ অনেকে।
এন-কে


আপনার মতামত লিখুন