অসুস্থতা নিয়ে কী বললেন শ্রুতি?

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ১:৩৯ দুপুর
অসুস্থতা নিয়ে কী বললেন শ্রুতি?

দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী শ্রুতি হাসান। তাকে নিয়ে খবর ভাসছে যে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন তিনি। বেশ কিছু গণমাধ্যম জোর দাবিও করেছে যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে শ্রুতি।

এ খবর প্রকাশ্যে আসার পেছনে রয়েছে অন্য এক খবর। দিন কয়েক আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস)-এ ভুগছেন। এর পরই তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিয়ে চর্চা শুরু হয়।

এসব খবরে যখন নেটপাড়ায় অনেক চর্চা হচ্ছিল, তখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শ্রুতি জানান, ‘তিনি ভালো আছেন। কাজ করছেন। তিনি বলেন, ‘পিসিওএস সমস্যাজনক। তার মানে এই নয় যে আমি অসুস্থ বা আমার অবস্থা খুব খারাপ।’

শ্রুতি তার শেয়ার করা ভিডিওতে আরও বলেন, ‘আমি অসুস্থ কি না, জানতে চেয়ে অনেকে আমাকে ফোন করেছেন। কিন্তু আমি অসুস্থ নই। আমি একদম ঠিকই আছি। আমার অনেক বছর ধরেই পিসিওএস আছে। কিন্তু আমি ভালো আছি।’

‘বেস্টসেলার’ ওয়েব সিরিজে শ্রুতিকে শেষ দেখা যায়। তার সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অর্জন বাজওয়া, গৌহর খানের মতো তারকারা। প্রভাসের সঙ্গে ‘সালার’-এ দেখা যাবে তাকে। এ ছাড়াও তার হাতে একগুচ্ছ কাজ।

এন-কে

Feb2
Feb2