দ্বৈত চরিত্র নিয়ে ফিরছেন ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া রায় বচ্চন, বিশ্বসুন্দরী থেকে একজন বলিউডের দক্ষ অভিনেত্রী। শুরু থেকেই বলিউডের এই অভিনেত্রী ধরে রেখেছেন তার সিনেমার মান। কাজ করেছেন বলিউডের অনেক কালজয়ী সিনেমায়। দেবদাসের ‘পার্বতী’ থেকে ‘ধুম’ সব সিনেমাতেই অনবদ্য ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
তবে ঐশ্বরিয়া বেশ কয়েক বছর ধরেই আছেন বড় পর্দার আড়ালে। কাজ করছেন না কোনো সিনেমায়। আর তার প্রতীক্ষায় প্রহর গুনছিলেন তার ভক্তরা। কবে আবারও প্রিয় অভিনেত্রীকে দেখবেন, সেই প্রতীক্ষাই যেন এখন শেষ হচ্ছে। ‘পুণ্যিয়ানি সেলভান’ নামের সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া।
মণিরত্নম পরিচালিত এই তামিল ছবির প্রধান চরিত্র নন্দিনী। ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। পিরিয়ডিক ড্রামা ‘পুণ্যিয়ানি সেলভান’ ‘নন্দিনী’র বেশে ঐশ্বরিয়ার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। লাইকা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইট করা হয়েছে একসময়ের বিশ্বসুন্দরীর এই লুক।
ঐশ্বরিয়ার সিনেমার এই লুক প্রকাশ পাওয়ার পর তার স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সেই ছবি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন, আর পোস্টের পাশে অভিষেক একটি হার্ট ইমোজিও দিয়েছেন।
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে এ সিনেমা। এর গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি। যখন শাসক পরিবারের অন্তর্দ্বন্দ্বের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়।
দুটি পার্টে তৈরি হচ্ছে এ ছবি। চলতি বছর মুক্তি পাবে প্রথম পার্ট। মণিরত্নমের সঙ্গে এর আগে ‘ইরুভর’ ‘গুরু’, ‘রাবণ’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন ঐশ্বরিয়া। ২০১৯ সাল ‘পুণ্যিয়ানি সেলভান’-এর শুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে বন্ধ ছিল এর কাজ। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের শুরু হয়েছে কাজ।
ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন ও মোহন বাবু। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘পুণ্যিয়ানি সেলভান’-এর প্রথম পার্ট। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই পিরিয়ডিক ড্রামা।
এন-কে



আপনার মতামত লিখুন