গুলিবিদ্ধ আবে: যা বললেন বিশ্বনেতারা
বন্দুক হামলার শিকার হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার (৮ জুলাই) সকালে দক্ষিণাঞ্চলের নারা শহরে নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এ ঘটনায় ত্বরিত নিন্দা জানিয়েছেন বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
আবের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, ‘মর্মান্তিক খবর। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়েছে। আমরা তার পরিবার ও জাপানের জনগণের সঙ্গে আছি।’
ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল
ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ‘দায়িত্ব পালনকালে শিনজো আবের ওপর কাপুরুষোচিত হামলায় বাকরুদ্ধ হয়ে গেছি। তিনি একজন সত্যিকারের বন্ধু এবং বহুপাক্ষিক ব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষক। এ কঠিন সময়ে ইউরোপের জনগণ জাপান ও প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার পাশে আছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
শিনজো আবের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেকে ‘প্রিয় বন্ধু’ অভিহিত করে এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু আবের ওপর হামলার ঘটনায় গভীর বেদনাহত। তার প্রতি ও জাপানের জনগণের জন্য আমাদের প্রার্থনা রইল।’
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি
উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়াহ বলেছেন, জি২০ সম্মেলনে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের প্রতি সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘আমি ঠিক জানি না, এই হত্যাচেষ্টার পেছনের কারণ কী। জি২০ সম্মেলনকালে খবর পেয়েছি। আমিই প্রথম ব্যক্তি হিসেবে আমাদের সহকর্মী আবের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এর তদন্ত হওয়া উচিত। আর কিছু বলার নেই।’
জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল গালুজিন বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন
হামলার নিন্দা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সবাই আমার মতোই বিস্মিত ও দুঃখিত। তাইওয়ান ও জাপান উভয়ই আইনের শাসনসহ গণতান্ত্রিক দেশ। আমার সরকারের পক্ষ থেকে এ ধরনের সহিংস ও বেআইনি কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’
এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী আবে শুধু আমারই বন্ধু নন, তাইওয়ান জনগণেরও একজন প্রকৃত বন্ধু। তিনি অনেক বছর ধরে তাইওয়ানকে সমর্থন করেছেন। তাইওয়ান-জাপানের সম্পর্ক এগিয়ে নিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনহা
প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একে অত্যন্ত দুঃখজনক ঘটনা বর্ণনা করে জাপান থেকে ভালো খবরের অপেক্ষায় আছেন বলে জানান তিনি। জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রহম ইমানুয়েল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী আবে গুলিবিদ্ধ হওয়ায় আমরা সবাই বিস্মিত ও দুঃখিত। আবে জাপানের একজন অসামান্য নেতা এবং যুক্তরাষ্ট্রের অটল মিত্র।’
আল-জাজিরার খবরে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে শুক্রবার (৯ জুলাই) সকালে হোনশু দ্বীপের পশ্চিমের নারা শহরে দলের নির্বাচনী প্রচারণায় নেন আবে। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তার ওপর বন্দুক হামলা করা হয়।
এতে গুলিবিদ্ধ হলে লুটিয়ে পড়েন তিনি। আবের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনইচকে জানায়, তার বুকে গুলি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এদিকে সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবামাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী।
আবেকে ঘিরে থাকা নিরাপত্তা বাহিনী ও ঘনিষ্ঠজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, এমন বর্বরতা সহ্য করা যায় না।
জাপানের আগামী রোববার (১০ জুলাই) পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলরস নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখেই নির্বাচনী প্রচারণায় অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী আবে।


আপনার মতামত লিখুন