বোয়ালখালীতে সিঁড়ি থেকে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে দোলনা খুলতে গিয়ে সিঁড়ি থেকে ছিটকে পড়ে জেসমিন আকতার (২৩) নামে এক অন্তঃসত্বা নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা সন্দ্বীপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, আমার স্ত্রী ৮ মাসের গর্ভবতী। আমার দুই বছরের মেয়ের জন্য ঘরের একটি দোলনা বাঁধা হয়। এটি নড়বড়ে হওয়াতে সকালে আমার স্ত্রী দোলনা খুলে দেয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা পিঁছলে পড়ে অচেতন হয়ে যায়। স্থানীয় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ান চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশকে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন