প্রকাশ্যে ‘লাইগার’ সিনেমার ট্রেলার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৪:২৫ বিকাল
প্রকাশ্যে ‘লাইগার’ সিনেমার ট্রেলার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তবে এ অভিনেতার যাত্রাটা সহজ ছিল না মোটেও।

পদে পদে নিজেকে প্রমাণ করেছেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ফলস্বরূপ বলিউডে অভিষেক করছেন বিজয়। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। সিনেমাটির ঘোষণার পর থেকেই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমার ট্রেলারে বিজয়কে একজন মিক্সড মার্শাল আর্ট ফাইটারের ভূমিকায় দেখা যাচ্ছে। আরও রয়েছে বক্সিং রিং-এ দুর্দান্ত লড়াইয়ের দৃশ্য।

‘লাইগার’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। অ্যাকশন এবং রোমান্সের মিশেলে ভরপুর সিনেমার ট্রেলারটি ভক্ত-অনুরাগীদের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

করণ জোহর প্রযোজিত এ সিনেমা পরিচালনা করছেন পুরী জগন্নাথ। সিনেমাটিতে আরও দেখা যাবে বক্সিং কিং মাইক টাইসনকে। তবে একটি ক্যামিও চরিত্র করছেন তিনি। আর বিজয়ের মায়ের চরিত্রে রয়েছেন রম্যা কৃষ্ণন।

মুম্বাইয়ের বস্তির এক চা বিক্রেতা হয়ে কীভাবে লস অ্যাঞ্জেলেসের মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেবে বিজয় সে নিয়ে এগোবে গল্প।

সিনেমায় বিজয়ের লুকের প্রশংসাও করেছেন দর্শকরা। আগামী ২৫ আগস্ট ‘লাইগার’ মুক্তির কথা রয়েছে। হিন্দির পাশাপাশি পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

এন-কে

Feb2
Feb2