প্রবাসী হত্যায় ভাতিজাসহ চারজনের যাবজ্জীবন
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় তার ভাই-ভাতিজাসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। ২৫ জুলাই (সোমবার) দুপুরে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম, তার ছেলে ওসমান গণি, সারওয়ার কামাল ও আব্বাস উদ্দীন। মামলায় দুজনকে খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে নাসিমা আকতার। রায়ের সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নে রুস্তম পাড়ার নুরুল কবির নিজ অর্থে তার বড় ভাই নুরুল ইসলামের এক ছেলেকে বিদেশে নিয়ে গিয়েছিলেন। পরে ভাতিজাকে বিদেশ নেওয়ার কথা বলে সে টাকা দাবি করলে নুরুল ইসলাম ও তার ছেলেদের সঙ্গে নুরুল কবিরের কথা কাটাকাটি হয়৷একপর্যায়ে ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর হামলা চালিয়ে নুরুল কবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নুরুল কবিরের স্ত্রী খালেদা ইয়াসমিন ছয় জনকে আসামি করে লোহাগাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ২১ ডিসেম্বর ছয় আসামিকে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৩ সালে ১৩ জানুয়ারি ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়।
মামলার বিচারে আদালতে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালতে আসামিপক্ষে ৩ জন সাফাই সাক্ষ্য দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী বলেন, লোহাগাড়া থানার নুরুল কবির হত্যা মামলায় সোমবার রায় দিয়েছেন আদালত। রায়ে নুরুল কবিরের ভাই নুরুল ইসলাম ও তার তিন ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড,
২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মামলা থেকে নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে নাছিমা আকতারকে খালাস দিয়েছেন আদালত।
জে-আর


আপনার মতামত লিখুন