খুঁজুন
, ,

রোহিঙ্গা আশ্রয়: বিপন্ন উখিয়া-টেকনাফের জীব-বৈচিত্র্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 5 December, 2019, 3:58 pm
রোহিঙ্গা আশ্রয়: বিপন্ন উখিয়া-টেকনাফের জীব-বৈচিত্র্য

ইসলাম মাহমুদ, কক্সবাজার প্রতিনিধি : বন কেটে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়স্থল নির্মাণের কারণে বনাঞ্চলে দিন দিন কমছে প্রাণীর বিচরণ। হারিয়ে যাচ্ছে বানর, বনমোরগ, বনরুইসহ নানা প্রাণী। খাদ্য ও আবাস সংকটে বারবার লোকালয়ে চলে আসছে হাতি।

আর রোহিঙ্গাদের বসতি স্থাপন ও জ্বালানির জন্য প্রতিদিনই উজাড় হচ্ছে একরের পর একর বনভূমি। ধ্বংস হচ্ছে কৃষি জমি ও বড় বড় পাহাড়। নানা সমস্যার মুখে পড়ছে স্থানীয়রা।

বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা কখনোই পূরণ করার সক্ষমতা বাংলাদেশের নেই। এতে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি পর্যটন সম্ভাবনাও কমে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতনে পালিয়ে মানবিক কারণে আশ্রয় পাওয়া ১১ লাখ রোহিঙ্গা এখন সবদিক থেকে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের কারণে দেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বিলুপ্ত হচ্ছে বনাঞ্চলও।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গারা আসার পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রায় ৮ হাজার একর বনভূমি ধ্বংস হয়েছে। এতে বনাঞ্চল ও জীববৈচিত্র্যের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। প্রাণীবিদরা বলছেন, শুধু বনভূমিই ধ্বংস নয় এতে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির প্রাণী।

বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. গুলশান আরা লতিফা বলেন, “উখিয়া-টেকনাফের বনাঞ্চলে বানর, ক্যামেলিয়ান, বনরুই, সজারু, বনগাই, ময়ূর, বনমোরগসহ নানা প্রজাতির প্রাণী অনেক চোখের বাইরে চলে গেছে। যা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে এলাকায় সেসব বন্যপ্রাণী এখন বিলুপ্তির পথে।”

অতিরিক্ত মানুষের চাপে কক্সবাজার জেলার নদী ও খালে যেমন দূষণ বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে সমুদ্রের পরিবেশও। এতে এসডিজি বাস্তবায়ন এবং সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে মনে করেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ।

তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে প্রচুর ভূমি ধস ও ভূমি ক্ষয় হয়েছে। এটি হচ্ছে মাটিতে কোনো উদ্ভিদ না থাকার কারণে। উপকূলীয় বনাঞ্চল না থাকার কারণে বিশেষ করে এখানে যে অর্গানিক মেটার তৈরি হয় সেটা কিন্তু মাছের খাদ্য। এটি কিন্তু ধীরে ধীরে অনেক নষ্ট হয়ে গেছে। অদূর অবিষ্যতে ফিরে আসার কোনো সম্ভবনা নেই।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ। যেখানে রাস্তার দু’পাশে দেখা যেতো বড় বড় পাহাড়ে ছোট-বড় গাছ-গাছালি আর সবুজে ঘেরা ফসলি জমি। কিন্তু গত দু’বছর ধরে আর সে দৃশ্য চোখে পড়েনা। এখন শুধু তাকালেই দেখা যায় ক্ষতচিহ্ন আর রোহিঙ্গাদের বসতি। রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে গাছ-গাছালি, পাহাড় ও ফসলি জমি ধ্বংস করে গড়ে তোলা হয়েছে ইচ্ছামত বসতি ও স্থাপনা। এতে বিপন্ন উখিয়া-টেকনাফের জীব-বৈচিত্র্যও।

এড. আবুহেনা মোস্তফা কামাল বলেন, “দিন দিন রোহিঙ্গার সংখ্যাও বাড়ছে। এতে পরিবেশের উপর চাপও পড়ছে। ফলে এ অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক দুর্ভিক্ষ সৃষ্টি হবে।

পরিবেশ কর্মী ইব্রাহীম খলিল মামুন বলেন, “রোহিঙ্গারা রান্না জন্য বন উজাড় করছে। এছাড়া ১১ লাখ রোহিঙ্গার পয়ঃবর্জ্যে পরিবেশের মারাত্মক বিপর্যয় হচ্ছে। তাদের অবস্থান দীর্ঘস্থায়ী হলে স্থানীয়দের বসবাস করা কঠিন হবে।

এদিকে সম্প্রতি উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। এসময় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেয়া কোনভাবে সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব এই ক্ষতি পরিমাণ, ধারণ নির্ধারণে কাজ শুরু হয়েছে। তা পুষিয়ে নিতে কি করা দরকার বিশেষজ্ঞরা কাজ করবেন।

বন বিভাগের হিসাবে, মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে উখিয়া ও টেকনাফের সাড়ে ছয় হাজার একর বনভূমিতে। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, এখন দশ হাজার একর বনভূমি ছাড়িয়েছে।

Feb2
Feb2

৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:47 am
৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে জেলার সাতটি উপজেলায় মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং পানিবন্দি হয়ে আছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণের কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:37 am
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।

আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার স্বার্থে শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে।

তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য (সরাসরি কিংবা ধারণকৃত) টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সরকার প্রত্যাশা করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:28 am
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১০ জুলাই) প্রায় সারাদিনই তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শনিবার তিনি, ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে যাবেন।

আতিকুর রহমান রুমন জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি-ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।