ভারতে পালানো সন্ত্রাসী শাকিল গ্রেপ্তার
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ এলাকায় র্যাবের ওপর হামলা চালিয়ে প্রায় দুমাস ভারতে পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে মো. শাকিল (২৮)। গ্রেফতারকৃত শাকিল ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন চম্পকনগর গ্রামের মো. ইউনুছের ছেলে। গত ২৬ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গত ২৭ জুলাই (বুধবার) সন্ধ্যে পৌনে ৬টায় র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। গ্রেফতারকৃত শাকিলকে এ দিন সকালে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ মে মাদক ব্যবসায়ী গ্রেফতারে জোরারগঞ্জ থানাধীন ধুমঘাট এলাকায় অবস্থান করে র্যাবের একটি টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে রাস্তায় গাড়ি ব্যারিকেড দেয়।
এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে গুজব ছড়ায় মাদক কারবারিরা। এরপর হামলা চালিয়ে র্যাবের গাড়ি ভাঙচুর করে তারা। এছাড়াও র্যাবের দুই সদস্যকে মেরে গুরুতর জখম করে তারা। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে ভারতে পালিয়ে যায় হামলার মূল হোতা শাকিল।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কর্ণফুলী সেতুর টোল প্লাজা থেকে মো. শাকিলকে গ্রেফতার করা হয়। তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে জোরারগঞ্জ ও ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের মোট ছয়টি মামলা রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
জে-আর


আপনার মতামত লিখুন