আগ্রাবাদে নিখোঁজের ১৭ ঘন্টা পর জলাশয় থেকে মিলল দুইশিশুর মরদেহ
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ঢেবার পাড় এলাকায় নিখোঁজ হওয়ার ১৭ ঘন্টা পর জলাশয় (দিঘী) তে মিলল দুই শিশু কণ্যার মরদেহ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে ঢেবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুজনই আপন চাচাতো বোন। এদের মধ্যে একজন আগ্রাবাদ ঢেবা সংলগ্ন এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে লামিয়া আক্তার (৩) ও একই এলাকার জাহাঙ্গীরের ভাই আব্দুল করিমের সাড়ে তিন বছর বয়েসী মেয়ে মেঘলা আক্তার।
নিহত শিশু কণ্যাদের পরিবার জানিয়েছে বুধবার দুপুরে লামিয়া ও মেঘলা ঢেবার সঙ্গে লাগোয়া বস্তিতে ফুপুর ঘরে বেড়াতে যায়। বিকেল ৩টা থেকে দুজন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর দুজনের পরিবার তাদের না পেয়ে বুধবার রাতেই নগরীর ডবলমুরিং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই জলাশয়ে এক লোক গোসল করতে নেমে পানির নিচে তার পায়ে শক্ত কিছু লাগছে অনুভব করেন। পরে লাশের বিষয়টি নিশ্চিত হন এবং থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দিয়ে লাশ দুটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর দেখা গেছে মৃত্যুর পরও দুই বোন একজন অপরজনকে জড়িয়ে রেখেছেন। এতে পুলিশ মনে করছেন কেউ একজন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
লাশ দুটি উদ্ধারের পর নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন না দেখে ওসি তদন্ত প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে করছেন। এরপরও ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন