করণ জোহরকে হতাশ করলেন অর্জুন কাপুর
বলিউডে অসমবয়সী প্রেমিক যুগল অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। হরহামেশাই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয় তাদের বিশেষ মুহূর্তের ছবি। মাঝে শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের খবর। এরপর জানা গেল খবু শিগগিরই বিয়ের পর্ব সারবেন এই তারকা প্রেমিক জুটি।
অর্জুন সম্প্রতি অতিথি হয়ে ধরা দিয়েছিলেন করণের ‘কফি উইথ করণ’ শো-এ। সেখানে করণ অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন কবে বিয়ের সানাই বাজবে। অর্জুনের উত্তরে হতাশ হয়েছিলেন করণ জোহর। কী এমন বলেছিলেন যে হতাশ হয়েছিলেন করণ?
করণের প্রশ্নের উত্তরে অর্জুন জবাব দিয়েছিলেন, ‘এ মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। ক্যারিয়ারে মন দিতে চাইছি। সত্যি বলতে কি, লকডাউন, করোনায় অনেকটা সমস্যা হয়ে গিয়েছে।’
অর্জুন মনে করেন তিনি খুব বাস্তববাদী। তার কিছু লুকানোর নেই। এখন নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। স্থিতি চাইছেন তিনি। স্থিতির বিষয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে, আর্থিক স্থিতি নয়, আবেগের স্থিতি চান তিনি। অর্জুন এমন কাজ করতে চান, যা নিজেকে খুশি করে।
অর্জুনের মতে, তিনি যদি নিজে খুশি থাকেন তবেই তার সঙ্গীকে খুশি রাখতে পারবেন। সুখী হতে চান অর্জুন। অনুভব করেন যে, তার সুখ আসে তার করা কাজ থেকে।
করণের শো-তে এসে অর্জুন আরও বলেছেন, মালাইকার পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। মালাইকা চান এখন তার পরিবারকে সময় দিতে। সবকিছু মিলিয়ে এখন বিয়ে চাইছে না দুজনের কেউই। তবে কবে নাগাদ বাজবে বিয়ের সানাই নাকি আদৌ বাজবে না–এ বিষয়ে খোলাসা করে কিছু বলেননি অর্জুন।
এন-কে


আপনার মতামত লিখুন