বয়কটকে ভয় পান না তাপসী পান্নু
তাপসী পান্নু বরাবরই একটু হট সিনেমা করে থাকেন। তাই তো বলিউডের অন্য নায়িকাদের পাশাপাশি আলাদা নজর কেড়েছেন তাপসী। সিনেমায় যেমন সাহসী চরিত্রে দেখা যায় তাপসী পান্নুকে, সেই সঙ্গে বাস্তবেও বেশ সাহসী এই অভিনেত্রী। বলিউডে একের পর এক সিনেমাকে বয়কটের দিকে ঠেলে দিচ্ছে নেটিজেনদের একাংশ। সেখানে বলিউড অভিনেত্রী তাপসী বলে বসলেন তিনি এই ‘বয়কট’ ভয় পান না।
শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দোবারা’। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমা মুক্তির আগে থেকেই বেশ আলোচিত হয় দর্শকমহলে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই সিনেমার প্রচারেই কলকাতায় এসেছিলেন তাপসী পান্নু,পাভেল গুলাটি ও সিনেমার প্রযোজক একতা কাপুর।
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নেও দেখানো হবে তাপসী পান্নুর ‘দোবারা’। সেখানেই হবে এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। থ্রিলার ঘরানার এই ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টালিউডের শাশ্বত চট্টোপাধ্যায়ও। খবর পিংকভিলার।
প্রচারণায় সাংবাদিকের প্রশ্নের এক জবাবে তিনি জানান, ‘বয়কট ব্যাপারটা নিয়ে এখন আর ভয় লাগে না। কারণ, এটা কোনো বিষয়ই নয়। আপনার পছন্দ হলে সিনেমাটা দেখবেন, না হলে দেখবেন না। কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখার পর সিনেমা দেখবেন কি না তা ঠিক করবেন, এ ধরনের আচরণ দর্শকদের রুচি নিয়ে প্রশ্ন তোলে! আমি এসবে খুব একটা পাত্তা দিই না।’
তাপসী পান্নুর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় আছে ‘শাবাশ মিথু’। বক্স অফিসে খুব একটা সুবিধা না করলেও বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি।
এন-কে


আপনার মতামত লিখুন