আনকাট সেন্সর পেয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’
মুক্তির অনুমতি পেয়েছে মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। গত সোমবার সিনেমাটি দেখে কোনও রকম কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশে চলচ্চিত্র সেন্সর বোর্ড। শিগগিরই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মাণ হয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। সিনেমাটি নির্মাণে সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।
চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ও তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালনায় ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।
প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে একজন ব্যক্তিমানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে সেই টানাপোড়েনের গল্প উঠে এসেছে এ ছবিতে। বিশ্বের বিভিন্ন উৎসবে ছবিটি প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে এবং সম্মাননা এসেছে। বাংলাদেশে এখন সিনেমা জোয়ার বইছে। আমার বিশ্বাস অত্যন্ত সুনির্মাণে নির্মিত ও সুচিন্তিত কনসেপ্টে তৈরি এই ছবিটি দর্শক দেখলে সহজেই কানেক্ট করে উপভোগ করবে।’
এর আগে বুসান (কোরিয়া), ইন্ডিয়ার বেঙ্গালুরু, পুনেসহ শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের ১৪টি মর্যাদাকর ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যে ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শন হয়েছে। সেসব জায়গা থেকে বাংলাদেশি সিনেমা হিসেবে বয়ে এনেছে সম্মান।
এন-কে


আপনার মতামত লিখুন