চলমান নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হওয়ার পূর্বাভাস দিয়েছে। ১২ সেপ্টেম্বর (সোমবার) অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, উড়িশা উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত
নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আজ সকাল ৬টায় দক্ষিণ মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।
বৃষ্টির তথ্যে তিনি বলেন, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্য জানাতে গিয়ে এ আবহাওয়াবিদ বলেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
জে-আর


আপনার মতামত লিখুন