শাহরুখের জন্মদিনে দর্শকদের জন্য থাকছে ধামাকা
বলিউড বাদশা শাহরুখ খানকে তার ভক্তরা বড় পর্দায় দেখার জন্য বেশ উদ্বেগ হয়ে আছেন দীর্ঘদিন থেকেই। সবশেষ ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি। এরপর নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন বলিউড কিং খান।
শাহরুখভক্তদের চার বছরের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে এবার। দীর্ঘসময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে দূরে থাকার পর আগামী বছরের শুরুতেই ‘পাঠান’ সিনেমার সঙ্গেই কামব্যাক করবেন শাহরুখ। সিনেমাতে গুপ্তচরের ভূমিকায় থাকছেন কিং খান। যশরাজ ফিল্মসের এই ছসিনেমাতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। সিনেমাতে থাকছেন জন আব্রাহামও।
আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। শাহরুখের ৫৭তম জন্মদিনেই সামনে আসবে ‘পাঠান’-এর নতুন টিজার। শাহরুখের জন্মদিনটা আরেকটু স্পেশ্যাল করে তুলতে চায় ‘পাঠান’ টিম, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমা ফার্স্ট লুক পোস্টারগুলো চমকে দিয়েছে। অ্যাকশন-প্যাক এই সিনেমাতে শার্টলেস শাহরুখকে দেখে আগেই ভ্যাবাচ্যাকা খেয়েছে দর্শক। খবর হিন্দুস্তান টাইমসের।
গত ২রা মার্চ ‘পাঠান’-এর প্রথম ঝলক সামনে এসেছিল। সেখানে শাহরুখের চরিত্রর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন জন-দীপিকা। জানান ধর্মহীন-জাতিহীন ‘পাঠান’-এর একমাত্র ধ্যান-জ্ঞান নিজের দেশ ‘ইন্ডিয়া’কে রক্ষা করা। দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত পাঠান। সেই টিজারে শাহরুখের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। তবে এবার সামনে আসবেন ‘পাঠান’, এমনটাই জানা যাচ্ছে।
আগামী বছরের ২৫ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। যদিও এখানেই শেষ নয় ‘পাঠান’ সিনেমার পর শাহরুখ খান অভিনীত আরও দুটি সিনেমা মুক্তি পাবে। সিনেমার নাম ‘জওয়ান’ ও ‘ডানকি’। সিনেমাগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে অনুগামীরা।
এন-কে


আপনার মতামত লিখুন