চট্টগ্রামে প্রীতিলতা চলচ্চিত্রর প্রচার কার্যক্রম শুরু
চট্টগ্রামের গর্ব প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যার উপর নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতার’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।প্রচার কার্যক্রমের উদ্বোধনের সময় মেয়র বলেন, আমরা চট্টগ্রাম শব্দের সঙ্গে বীর চট্টগ্রাম শব্দটি ব্যবহার করি। এ বীর চট্টগ্রাম বলা হয় যাদের জন্য তাদের একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র হয়েছে এটি বড় আনন্দের খবর। চট্টগ্রামের মানুষ হিসেবে এবং সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এই চলচ্চিত্রের সার্বিক সফলতার জন্য আমি সব ধরনের সহযোগিতা করব।
আজ বুধবার (২ নভেম্বর) চট্টগ্রাম খাস্তগীর স্কুল হল ও মাঠ থেকে এ প্রচার কার্যক্রম শুভ উদ্বোধন করেন তিনি।
প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরীন আখতার। উপাচার্য বলেন এ চলচ্চিত্রটি নির্মাণের সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার সার্বিকভাবে সহযোগিতা করেছে।
আমরা আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই চলচ্চিত্রটি দেখানোর ব্যবস্থা করতে চাই। আজ যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি কথা বলছি সেই খাস্তগীর স্কুলেরই ছাত্রী ছিলাম আমি।
আমি গর্বিত, প্রীতিলতা এ ইস্কুলের ছাত্রী ছিলেন। আয়োজন এর সভাপতি রানা দাশগুপ্ত বলেন, প্রীতিলতার আত্মদানের ৯০ বছর পর এ ধরনের একটি চলচ্চিত্র নির্মাণ ভীষণ সাহসিকতার পরিচয়।
আমি বিশ্বাস করি, দেশের জনগণ এবং ভারতের মানুষ এই চলচ্চিত্রটিকে দেখার জন্য অপেক্ষা করছে।
অনুষ্ঠানের পরিচালক প্রদীপ ঘোষ বলেন এই চলচ্চিত্রটি শুধু চলচ্চিত্র নয়, এটি একটি আন্দোলন।চট্টগ্রামের বীরত্বের বর্ণনা জনগণের মাঝে হাজির করছি রুপালি পর্দায়।
আশা করি এ চলচ্চিত্র দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও দর্শক ভালোভাবে গ্রহণ করবে। প্রীতিলতার স্মরণে আমরা ছাত্র/ছাত্রীদের জন্য অর্ধেক মূল্যে টিকেটের ব্যবস্থা করেছি,
যাতে এ প্রজন্ম প্রীতিলতা সম্পর্কে জানতে পারে। আয়োজনে আরো বক্তব্য রাখেন এইচ এম স্টীল এন্ড ইন্ডাস্ট্রিজদের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: সামসুদ্দোহা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্রে নির্বাহী প্রযোজক রিফাত মোস্তফা এবং পোশাক পরিকল্পক রাহানুমা তুলি। ডা. খাস্তগীর স্কুলের প্রধান শিক্ষিকা শাহেদা আক্তার প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন