১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে এক যৌথ প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ তথ্য জানান।
এদিন চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করতে এ যৌথ সভা আয়োজন করা হয়।
এর আগে গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে দলের এক বৈঠকে আগামী ৪ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছিল। একইদিন চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ কারণে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পেছানো হয়েছে।
আওয়ামী লীগের প্রতিনিধি সভায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, একাধিকবার সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও তা আর হয়নি। সর্বশেষ নগরের ১৫ থানার সাংগঠনিক টিমের নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের সময় বেধে দেওয়া হয়েছিল। কিন্তু সেদিন পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভার কারণে সেটাও স্থগিত হয়ে যায়। তবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সম্মতিতে ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সময় চূড়ান্ত করা হয়েছে।
২৪ঘণ্টা/এনআর


আপনার মতামত লিখুন