চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ভারত
বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। আগামী ১০ ডিসেম্বর সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচটি। এ জন্য বন্দরনগরীতে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দলকে বহনকারী বিমান। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। দুই ম্যাচের ধকল আর ভ্রমণ ক্লান্তির কারণে এ দিন অনুশীলন করেনি দুদল।
আগামীকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। এদিকে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার শেষ ওয়ানডের পর ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে দুদলের টেস্ট সিরিজ।
ওয়ানডে ও টেস্টের টিকিট প্রাপ্তি স্থান
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর বিটাক মোড় এবং এম এ আজিজ স্টেডিয়ামে। আসন ফাঁকা থাকলে ম্যাচের দিন শনিবারও পাওয়া যাবে টিকিট।


আপনার মতামত লিখুন