আমিরাত প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কল্যাণে নিবেদিত রয়েছে গণমাধ্যম। প্রবাসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে যেমন প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হচ্ছেন তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সচল রেখেছেন কলমের শক্তি। আগামীতেও প্রবাসীদের কল্যাণে প্রথম সারিতেই থাকবে গণমাধ্যমকর্মীদের ভূমিকা।
গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র নব নির্বাচিত কমিটির অভিষেক ও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।
শারজা বাংলাদেশ সমিতির হলরুমে প্রেসক্লাবের সহ সম্পাদক মোদাচ্ছের শাহ এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিন পর্বে বিভক্ত অনুষ্ঠান শুরু হয়। এর পরপরই জাতির জনক বঙ্গবন্ধু, ত্রিশ লাখ শহীদ, সমভ্রম হারানো দুই লাখ মা,বোন সহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন এবং তাদের স্বরণে প্রথমে এক মিনিট নীরবতা ও পরে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রথম পর্বে অভিষেক ও বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের ভাইস কনসাল মোজাফফর হোসেন।
এ সময় তিনি বলেন, প্রবাসীদের স্বাস্থ্য বীমা এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণে সরকার ঘোষিত প্রণোদনার ব্যাপারে আরো বেশি সচেতন করতে কাজ করতে হবে প্রবাসী সাংবাদিকদের। এক্ষেত্রে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবেন বলেই আমার বিশ্বাস।’ এছাড়াও প্রধান অতিথি নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও বাংলাদেশ প্রেসক্লাবের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন