২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ মে ২০২৩ www.24ghonta.news২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ২৬ শাওয়াল ১৪৪৪ হিজরি

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ । ৯:৫৭ রাত

ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে রাস্তার ওপর পড়েছিল। তিন মোটরসাইকেল আরোহী কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। ওই সময় একটি ট্রাক তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত তিনজন বন্ধু। এর মধ্যে হুসাইন সরদার ডিগ্রিতে পড়াশোনা করতেন। ট্রাকটি মাগুরামুখী ছিল। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, মরদেহ তিনটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন