২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

নতুন তথ্য সচিব কামরুন নাহার : সচিব হলেন তিন কর্মকর্তা

তথ্য সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ । ৫:৩৪ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্য সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) বদলির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিতে নিয়োগ পাওয়া তথ্যসচিব আবদুল মালেকের মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন কামরুন নাহার।

এছাড়া সোমবার একই দিনে মন্ত্রণালয়টির জারি করা পৃথক আদেশে জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।

৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডলের। অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউসকে রবিবার পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন