২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ মে ২০২৩ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪৪ হিজরি

প্রস্রাব করতে বাধা দেওয়ায় কেয়ারটেকারের ভাইকে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ মে, ২০২৩ । ১২:৪৯ দুপুর

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. আজাদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার (২৮ মে) ভোরে থানার নতুন বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজাদের ভাই ওই এলাকার একটি জায়গার কেয়ারটেকার। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জায়গাটিতে কয়েকজন প্রস্রাব করতে গেলে আজাদের ভাই তাদের বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। কিছুক্ষণ পর আজাদও ঘটনাস্থলে পৌঁছেন। বাগ-বিতণ্ডার একপর্যায়ে কেয়ারটেকার ও তার ভাই আজাদকে দেখে নেওয়ার হুমকি দেন অভিযুক্তরা।

আজ (রোববার) ভোরে আজাদ নাস্তা আনার জন্য বাড়ি থেকে বের হন। নতুন বাজার বিশ্বরোডের মুখে তাকে একা পেয়ে কয়েকজনে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তাদের নাম শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন