২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ জুন ২০২৩ www.24ghonta.news৫ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ১ জিলহজ ১৪৪৪ হিজরি

আঁখির চিকিৎসায় গাফিলতির কথা স্বীকার করল সেন্ট্রাল হসপিটাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ । ২:১৯ দুপুর

নবজাতকসহ না ফেরার দেশে পাড়ি জমানো মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। একইসঙ্গে আঁখির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশও করেছে হাসপাতালটি।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় সেন্ট্রাল হসপিটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডাক্তার এ টি এম নজরুল ইসলাম।

তিনি বলেন, আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।

নজরুল ইসলাম বলেন, আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতোমধ্যে ৫ দিন চলে গেছে, আর বাকি আছে ২ দিন। আসা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।

হাসপাতালের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত কার্যক্রম তো এখনও শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই আমরা একটা অ্যাকশনে যাব।

একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন দেড়শো থেকে দুইশো রোগী দেখা কতোটা সম্ভব আসলে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে কোয়ালিটি সার্ভিস দিতে গেলে একজন চিকিৎসকের দৈনিক এত রোগী দেখা সম্ভব নয়। কিন্তু সংযুক্তা সাহা দেখতেন, কী বলবো আর এটি নিয়ে।

হাসপাতাল প্রশাসন কি তাহলে এ বিষয়গুলো এতদিন জানতো না? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ডাক্তারের কাছে এলে চিকিৎসা তো মূলত তারাই দেয়। তারপর কোনো একটা ইনসিডেন্ট ঘটলেই সেটা আমাদের কাছে আসে। বাইরে বিষয়গুলোতে আমাদের অবগত করা হয় না। এজন্যই আমরা এই বিষয়গুলো জানতে পারিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন