২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৫ জুলাই ২০২৩ www.24ghonta.news৩১ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৭ জিলহজ ১৪৪৪ হিজরি

নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে শাকিব-অপু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ । ৬:২১ সন্ধ্যা

বেশ কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছিল, বিভেদ ভুলে আবারও একসঙ্গে সংসার শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। সে গুঞ্জনকে যেন আরও উসকে দিলেন জনপ্রিয় এই তারকা জুটি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।

আজ (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় ছেলে জয়কে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস ঘুরছেন। তাদের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ উপলক্ষ্যে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান।

অন্যদিকে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমাটিও এবারের ঈদে মুক্তি পায়। এতে তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক সাইমন সাদিক। বুধবার (১২ জুলাই) রাতে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাসও। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গেছেন তিনি।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এ দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এ তারকা জুটি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন