২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ জুলাই ২০২৩ www.24ghonta.news২ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ২৯ জিলহজ ১৪৪৪ হিজরি

উপনির্বাচনে ভোটার উপস্থিতি কমই থাকে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ । ৩:৩৯ বিকাল

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে কোনো দেশে যখন উপনির্বাচন হয়, তখন ভোটার টার্নআউট (উপস্থিতি) কম হয়। এটা আমাদের দেশেও সবসময় হয়ে আসছে। নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে উপনির্বাচন হলে ভোটার টার্নআউট খুবই কম হওয়াটাই স্বাভাবিক।

সোমবার (১৭ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা-১৭ আসনে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন একতারা প্রতীকের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার এ অভিযোগ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, কোন একজন প্রার্থী যদি বলে বসে যে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে, সেটা আসলে সত্য কি না যাচাই করতে হবে। বললেই তো সেটা সত্য নয়। কিছু-কিছু প্রার্থী দাঁড়ায় এগুলো বলা এবং প্রচার পাওয়ার জন্য। এগুলো বললে একটু প্রচার হয়।

‘যে সব প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরে-ঘুরে প্রার্থী হয় তাদের উদ্দেশ্য কী নির্বাচিত হওয়া নাকি প্রচার পাওয়া সেটি একটি প্রশ্ন’, বলেন ড. হাছান।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। বিএনপি মানুষকে আহ্বান জানিয়েছিল ভোট না দিতে, এরপরেও কোনো কোনো জায়গায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সুতরাং বিএনপি না এলেই যে জনগণ অংশগ্রহণ করবে না, সেটি যে সঠিক নয় তা প্রমাণ হয়েছে। অবশ্যই বিএনপিসহ সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন বা গণতন্ত্র অনেক শক্তিশালী হয়।

এর আগে সকালে ঢাকা-১৭ আসনের একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কী না জানি না। তবে এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

হিরো আলম আরও বলেন, ফল কী হবে সেটা বিষয় না, আমরা শেষ সময় পর্যন্ত দেখব। দেখতে চাই তারা আমাদের ওপর কত অত্যাচার করতে পারে। নির্বাচন কমিশনে বিষয়টি জানানোর পর বললো যে তারা দেখবে। এভাবে চললে তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন