২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

দক্ষিণে তাপস-ইশরাকসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ । ২:০০ দুপুর

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেনসহ সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন।

শেখ ফজলে নূর তাপস ও ইশরাক হোসেন ছাড়া আরও যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান, এনপিপির বাহারানে সুলতান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

মেয়র প্রার্থীদের বৈধতা নিশ্চিত হওয়ার পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ (২ জানুয়ারি) হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

ঢাকা দক্ষিণ সিটিতে ২৫টি কাউন্সিলর পদের বিপরীতে ৪০৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলদের ২৫টি পদের বিপরীতে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। শেষে কর্মকর্তারা জানান, আগামী ৩ দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থিরা আবেদন করতে পারবেন। নির্বাচন যেন সংঘর্ষে রূপ না নেয় সেদিকে খেয়াল রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে কর্মকর্তারা আরও বলেন, আচরণবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন