২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

হাসানের বোলিং নৈপুণ্যে ঢাকার জয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ । ৭:৩৩ রাত

বিপিএলের চলতি আসরে সিলেট পর্বে দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত প্রথম খেলার মাঝখানে ছন্দ হারালেও ঢাকা প্লাটুন ফের ফিরেছে পুরনো দাপটে। বঙ্গবন্ধু বিপিএলের ৩১তম ম্যাচে খুলনা টাইগার্সকে ১২ রানের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি। ঢাকার তরুণ পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৪ উইকেট। তার পারফরম্যান্সে ম্লান হয়ে গেছে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংস।

সিলেটে বৃষ্টির কারণে বিলম্বিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান জড়ো করে ধাক। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে আসিফ আলী। ছয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৩ বলের মোকাবেলায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে। তার দ্রুতগতির ব্যাটিংয়েই দল পায় বড় পুঁজি।

এছাড়া অন্যান্যদের মধ্যে মুমিনুল হক ৩৬ বলে ৩৮, আরিফুল হক ৩০ বলে অপরাজিত ৩৭ ও ওপেনার তামিম ইকবাল ২৩ বলে ২৫ রান করেন।

খুলনার পক্ষে মোহাম্মদ আমির ২টি এবং আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলাম ১টি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আমিনুল ইসলাম বিপ্লব (৪), মেহেদী হাসান মিরাজ (১৫), ও শামসুর রহমানের (৩) উইকেট হারায় খুলনা। প্রতিরোধ গড়তে পারেননি রাইলি রুশোও, ১৮ রান করে তিনি ফেরেন সাজঘরে। এরপর নাজিবউল্লাহ জাদরানের (৩১) সাবধানী ব্যাটিংয়ে সমর্থন পেয়ে চড়াও হন অধিনায়ক মুশফিকুর রহিম।

শেষদিকে ঢাকাকে বেশ ভয়ও পাইয়ে দিয়েছিলেন মুশফিক। ২৭ রানে আসরের তৃতীয় অর্ধ-শতক পূর্ণ করার পরও দ্রুত রান তুলছিলেন। তবে হাসান মাহমুদের শিকার হয়ে সাজঘরে ফেরেন ৩৩ বলে ৬৪ রান করে, যে ইনিংসে হাঁকিয়েছিলেন ৬টি চার ও ৪টি ছক্কা।

এই ম্যাচে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলে ২০০০ রানের মাইলফলক গড়া মুশফিক বিদায় নিলে খুলনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার থেকে ৮ উইকেট হারানো খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান, ঢাকা পায় ১২ রানের জয়।

ঢাকার পক্ষে হাসান মাহমুদ ৪টি এবং মাশরাফি বিন মুর্তজা, থিসারা পেরেরা ও শাদাব খান একটি করে উইকেট শিকার করেন। নিজের চতুর্থ ওভারে ১৪ রান বিলি করলেও বল হাতে হাসানের দুর্দান্ত পারফরম্যান্সই ঢাকার জয়ে বড় ভূমিকা রেখেছে।

সংক্ষিপ্ত স্কোর

টস: খুলনা টাইগার্স

ঢাকা প্লাটুন ১৭২/৪ (২০ ওভার)
আসিফ ৩৯*, মুমিনুল ৩৮, আরিফুল ৩৭*তামিম ২৫
আমির ২৭/২, বিপ্লব ১৫/১, শফিউল ৪৪/১

খুলনা টাইগার্স ১৬০/৮ (২০ ওভার)
মুশফিক ৬৪, জাদরান ৩১, রুশো ১৮
হাসান ৩২/৪, শাদাব ২৫/১, মাশরাফি ২৬/১

ফল: ঢাকা প্লাটুন ১২ রানে জয়ী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন