২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

কাশিমপুর কারাফটকে ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ৮:১৩ রাত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৯) ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার বেলা ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে যাচ্ছিলেন। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করে। পরে তার প্যান্টের ডান পকেটে ৩০০ পিচ ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কারাগার সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সাইফুল ইসলাম কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন