২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

চমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু ফেনীতে উদ্ধার, দু’জন ধরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ । ৩:৩০ বিকাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এনআইসিইউ থেকে চুরি যাওয়া পাঁচদিন বয়সী শিশুকে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ফেনী জেলার পরশুরাম থানার মো. পিন্টুর স্ত্রী মোছাম্মৎ নাসিমা আক্তার (২৩) ও মৃত আইয়ুব আলীর স্ত্রী মোছাম্মৎ খারু আক্তার (৪২)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ফেনীর পরশুরাম থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

জানা গেছে, লোহাগাড়া এলাকার বাসিন্দা আবু মো. নোমান ও আসমা আক্তার দম্পতির সন্তান গত পাঁচদিন ধরে চমেক হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশুর কাছে ছিল না কোনো অভিভাবক। দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই অভিযুক্তদের শনাক্ত করা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, আমরা শিশু চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশকে বিষয়টি জানাই। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শিশুটিকে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে- শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, রাতে শিশুটিকে ফেনীর পরশুরাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাসিমা ও পারুল নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের শিশুও এনআইসিইউতে ভর্তি ছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন