২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

‘প্রয়োজনে গুপ্তহত্যা’র নির্দেশ আসছে লন্ডন থেকে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ । ২:৩৫ দুপুর

প্রয়োজনে গুপ্তহত্যা চালানোর নির্দেশ লন্ডন থেকে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্তহত্যা চালাবে। তারা আরও ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাইকে সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, মানুষ ভোট প্রদানের জন্য মুখিয়ে আসে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি যতই অপপ্রচার করুক, তাদের কথায় জনগণ কান দিবে না। কতটা দেউলিয়া হলে তারা লিফলেট বিতরণ করে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রার্থীরা সংঘর্ষে জড়ালে আমরা দায় নেবো না। নির্বাচন কমিশন আইন প্রয়োগকারী সংস্থা মাধ্যমে কোনো ব্যবস্থা নিলে আমরা হস্তক্ষেপ করব না। প্রার্থীদের দায়িত্বশীল আচরণের জন্য আহ্বান জানাবো।’

তিনি বলেন, তারা লাশ বানিয়ে জনগণকে আতংক সৃষ্টি করতে পারে, এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সর্তক হতে হবে।

নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এসব নির্ভর করে টার্ন আউট নির্বাচনের আগের প্রচার-প্রচারণায় কেমন পরিবেশ থাকে, জনগণের উপস্থিতি কেমন থাকে তার উপর। যেমন বরিশালে নেত্রীর সভায় অনেকেই বহুদুর থেকে হেঁটে এসেছেন। নির্বাচনের টার্ন-আউট আমি এক কথায় বলবো সন্তোষজনক।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন