২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১০ রজব ১৪৪৫ হিজরি

ফিলিস্তিনিদের সমর্থন-রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ । ৭:১৯ রাত

বিশ্বের সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও শান্তির সংস্কৃতিকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উগান্ডার কাম্পালায় সম্মেলনের দ্বিতীয় দিন তার বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের উত্তরাধিকার সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করে তাদের জন্য ন্যায়বিচার দাবি করেন ড. হাছান মাহমুদ। তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এবং তাদের সমর্থনে সব প্রয়াস গ্রহণের আহ্বান জানান।

এছাড়া রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দ্বিগুণ প্রচেষ্টার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে গঠনমূলক এবং শান্তিপূর্ণ সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

ন্যামের নতুন চেয়ারম্যান উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি শুক্রবার এ সম্মেলন উদ্বোধনের পর দুইদিনের আলোচনা শেষে ‘কাম্পালা ঘোষণা’ এবং ফিলিস্তিনের বিষয়ে একটি ঘোষণা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

ন্যাম সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে সঙ্গে বৈঠক করেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে দেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত প্রতিনিধিদলের সদস্য হিসেবে সম্মেলন ও বৈঠকে যোগ দিচ্ছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন