২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ ফেব্রুয়ারি ২০২৪ www.24ghonta.news২৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪৫ হিজরি

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ৭:১১ রাত

না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আহমেদ রুবেলের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

শুধু জানা গেছে, সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিক পরিচালিত ও আহমেদ রুবেল অভিনীত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতেই যোগ দিতে বাসা থেকে আসছিলেন অভিনেতা।

আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। রুবেল ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি পরিবার নিয়ে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে থাকছিলেন।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ে হাতেখড়ি। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’–তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

পরবর্তীতে হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন আহমেদ রুবেল। কাজ করেছেন হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’তেও। এছাড়া কাজ করেছেন কলকাতার সিনেমা ‘পারপার’-এও।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন