২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪৬ হিজরি

মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ । ৪:৪৯ বিকাল

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তার্ক।

স্থানীয় সময় আজ শুক্রবার (৩০ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এই মুখপাত্র জানান, নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন ফলকার তার্ক।

গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে।

ন্যায়বিচার, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আগামী সপ্তাহের কোনো একসময় বাংলাদেশে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল আসার কথা রয়েছে। দলটিকে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে তারা।

উল্লেখ, চলতি মাসের ২২-২৯ আগস্ট পর্যন্ত জাতিসংঘের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করে।

অন্তর্বর্তী সরকার, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গসহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংখ্যালঘু, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকও করেন তারা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন