২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ আগস্ট ২০২৪ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৬ হিজরি

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল, মধ্যরাত থেকে কার্যকর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ । ২:০২ দুপুর

বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করল সরকার। এ দফায় পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৬ টাকা কমানো হয়েছে। অপর দিকে ডিজেলের দাম লিটারপ্রতি এক টাকা ২৫ পয়সা কমছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন মূল্য কার্যকর হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬ দশমিক ৭৫ টাকা/লিটার হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা/লিটার, কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা/লিটার ও পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা/লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা/লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা/লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা/লিটারে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। সমন্বয়কৃত এ মূল্য ১ সেপ্টেম্বর (শনিবার রাত ১২টা) হতে কার্যকর হবে।

এর আগে বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের জ্বালানি তেলের মূল্য কমানোর কথা জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

চলতি বছরে মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতার তেলের নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩০ জুন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন