২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহে জার্মানের সহযোগিতা চান রেলপথ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৪:৫৮ বিকাল

বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রেল ভবনে উপদেষ্টার নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মান রেলওয়ে ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। এটি স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা প্রদান সম্ভব হবে।

পরে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন