২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ৫ রবিউস সানি ১৪৪৬ হিজরি

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ । ৫:৪২ সন্ধ্যা

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার এই ব্যাটারের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ নয় বলেও কম সমালোচনা হচ্ছিল না। যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেকে অবাক হয়েছিলেন। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিদায় বলে দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

অবশেষে আজ মঙ্গলবার দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন অবসরের ঘোষণা দিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

গতকাল দেশীয় একটি গণমাধ্যম জানিয়েছিল দিল্লিতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন এবং টেস্ট ক্রিকেটেও তাঁকে আর মাত্র এক সিরিজ দেখা যাবে। সে ধারাবাহিকতা বজায় রেখেই যেন আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহও জানিয়ে দিলেন ভারতের বিপক্ষে চলতি সিরিজই তাঁর শেষ টি-টোয়েন্টি সিরিজ।

সে অনুযায়ী আগামীকাল দিল্লির টি-টোয়েন্টির পর ১২ অক্টোবর হায়দরাবাদেই শুধু দেখা যাবে মাহমুদউল্লাহকে। গতকাল প্রকাশিত সেই প্রতিবেদনে এটাও জানানো হয়েছে, আগেই ভারত সিরিজে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মাহমুদউল্লাহ। এ ব্যাপারে বিসিবিকেও জানিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। প্রতিপক্ষের মাঠে মাত্র ২ রান দিয়ে শুরু করলেও এই ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষে পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে ২৩.৪৮ গড়ে ২৩৯৫ রান করেছেন।

তাঁর চেয়ে বেশি রান আছে শুধু সাকিব আল হাসানের। আগামী দুই টি-টোয়েন্টিতে ১৫৭ রান নিতে পারলে এক্ষেত্রেও শীর্ষে চলে যাবেন । তবে বাস্তবে তা হয়তো হবে না। কারণ এই ফরম্যাটে ৮টি ফিফটি পেলেও মাহমুদউল্লাহর সর্বোচ্চ ইনিংসটি ৬৪ রানের।

২০১৮ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ ২০২২ সালে দল থেকে বাদ পড়ার আগ পর্যন্ত ৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনেই সবচেয়ে বেশি ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে এক্ষেত্রেও তাঁর সঙ্গে লড়াইটা ছিল সাকিবের। ১৬টি জয় পেতে চার ম্যাচ কম প্রয়োজন হয়েছিল সাকিবের।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন