২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

আমরা কঠোর হলে আপনারাই বলবেন আগের মতো হয়ে গেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ । ৩:৫৫ বিকাল

সম্প্রতি বিভিন্ন আন্দোলন ঠেকাতে সরকারের কঠোর না হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা কঠোর হলে আপনারাই বলবেন আগের মতো হয়ে গেছে। আমরা চাই আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করতে। আমরা চাই তারা যাতে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন না করে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে, তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে। আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপর কঠোর হব।

হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্তভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুনামগঞ্জের এবং হাওরাঞ্চলের লাখো লাখো মানুষ বোর ফসলের ওপর নির্ভরশীল। বোর ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সব অনিয়ম দূর করে যথাসময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলে, সবাইকে পরিবেশের বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন