২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ মে ২০২৫ www.24ghonta.news২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ৮ জিলকদ ১৪৪৬ হিজরি

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫ । ১২:৩২ দুপুর

গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ মে) রাতে নগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম।

তিনি বলেন, সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় দায়িদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় রাতভর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। এনসিপির পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে মামলা রুজু করা হবে।

এর আগে রোববার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে হাইস গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং হাসনাতের হাত রক্তাক্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় কাটানোর পরে ঢাকার উদ্দেশে রওনা হন।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলটির নেতারা হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন