২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

আমিরাতে ঋণখেলাপিদের ছাড় দেয়া হবে না: সচিব আসাদুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ । ১০:৫১ সকাল

ওবায়দুল হক মানিক আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ জনতা ব্যাংকের ১৬১ জন ঋণখেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আমিরাত সফররত বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ আসাদুল ইসলাম।

তিনি বুধবার রাতে জনতা ব্যাংক আবুধাবি শাখা কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।

তিনি বলেন, ঋণ পরিশোধ না করে কেউ পালিয়ে থাকতে পারবে না, দেশে গেলে সেখানেও তাদের আইনের মুখোমুখি হতে হবে। তাই ব্যাংকে এসে দ্রুত ঋণ পরিশোধ করুন।

এছাড়া তিনি বিদেশ থেকে রেমিট্যান্স প্রদানকারীদের জন্য চলতি বছরের জুলাই থেকে শতকরা দুই পার্সেন্ট করে প্রণোদনা দেয়ার যে ঘোষণা দিয়েছে সরকার, বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে তার প্রজ্ঞাপন দেয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যে প্রবাসীরা প্রণোদনা পাবেন বলে জানান।

তিনি আরও বলেন, প্রবাসীদের সুবিধার্থে বর্তমানে এটিএম বুথ চালু করা হয়েছে, কিছুদিনের মধ্যে প্রবাসীদের জন্য জীবনবীমাসহ আর কিছু প্রবাসবান্ধব সেবা চালু করা হবে।

সচিব বলেন, বর্তমানে বাংলাদেশের জিডিপি সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে গেছে, যাতে বেশি ভূমিকা রেখেছে প্রবাসীরা তাই প্রবাসীরা আরও বেশি করে যেন বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করতে পারে সেই জন্য আমিরাত জনতা ব্যাংককে আধুনিকায়ন করা হচ্ছে।

এ সময় জনতা ব্যাংক সিইও মুহাম্মদ আমিরুল হাসান বলেন, গত সপ্তাহ থেকে গ্রাহকদের জন্য এটিএম বুথের ডেবিট কার্ড বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে ৬০০ জনকে কার্ড দেয়া হয়েছে এবং বাকিদেরও ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।

এ সময় প্রবাসী ও প্রবাসী ব্যবসায়ীরা জনতা ব্যাংকে সেবা বৃদ্ধি, ফ্রি চার্জে দেশে রেমিট্যান্স প্রেরণ, সাতটি প্রদেশে জনতা ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করাসহ সময়োপযোগী বিভিন্ন দাবি সচিবের সামনে তুলে ধরেন। তিনি সরকারের সঙ্গে আলাপ করে কিছু কিছু দাবি পূরণের আশ্বাস দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন