করোনাভাইরাস টিকা গ্রহণে কোনো অপপ্রচার ও মিথ্যাচারে কান না দিয়ে দেশবাসীকে টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে টিকা গ্রহণ শেষে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান।
আওয়ামী লীগের নেতারা বলেন, যে যতই অপপ্রচার করুক, সরকারের টিকাদান কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা রেখেছেন। পর্যায়ক্রমে দেশের ১৩ কোটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টিকা প্রদানের ব্যবস্থা করবেন।
আজ সকাল সাড়ে ৮টার পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে টিকাদান কেন্দ্রের ফরম পূরণ করে টিকা নেওয়া শুরু করেন। কয়েকজন নেতা সস্ত্রীক টিকা নেন। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত টিকা নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা,আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও সৈয়দ আবদুল আউয়াল শামীম। মহানগর উত্তরের যুব মহিলা লীগ সভাপতি সাবিনা আক্তার তুহিন, সাধারন সম্পাদক তাহেরা খাতুন লুৎফা, সাংগঠনিক সম্পাদক শামীমা আরা বেবি, সহ-সাংঠনিক সম্পাদক সাদিয়া আফরোজ।
টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে ডা. রোকেয়া সুলতানা বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের বিরুদ্ধে লড়াই করে এই টিকা এনেছেন প্রান্তিক জনগণের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে। উনি মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য কৃষি, শিক্ষা খাতের মতোই দেখছেন। মহামারির ভয়াল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য উনি টিকার ব্যবস্থা করেছেন।
কিন্তু সব অপপ্রচারকে চ্যালেঞ্জের সঙ্গে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে বিস্ময়ে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ । ৫:১৬ সন্ধ্যা