চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম একটি সম্প্রীতির নগরী। চট্টগ্রাম শান্তি এবং নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রামের মাটি ও মানুষ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির ধারক ও বাহক। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সবার সহযোগিতায় এবারও সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। আমরা সকলে একসাথে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই।
তিনি শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর দেওয়ান বাজার কাটা পাহাড় এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নানের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র ও চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এই শহরকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট’ সিটি হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। মেয়র হিসেবে শপথ গ্রহণের সময় আমি যে অঙ্গীকার করেছিলাম, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। গত ১৬ মাসে আমরা অন্তত একটি বিষয় নিশ্চিত করতে পেরেছি, নগরীতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বসবাস করতে পারেন, সেই শান্তিপূর্ণ পরিবেশ আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি।
মেয়র বলেন, বর্তমানে বিএনপি সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকায় রক্ষায় অঙ্গিকারাবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে সকল সনাতনীরা নিশ্চিতভাবে দুর্গা পূজার আনন্দ উপভোগ করতে পারে। সরকারও চেষ্টা করছে সকলের সমান অধিকার নিশ্চিত করতে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি রাজীব ধর তমাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব বেলায়েত হোসেন, মহানগর বিএনপি নেত্রী পারভিন আক্তার চৌধুরী, বেগম লুৎফুন্নেছা, টেরিবাজার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিমল দত্ত, বিএনপি নেতা আবুল কালাম, মো. ইলিয়াস, আবু বক্কর, আবু কালাম, আবদুল হাই কালু, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন দিদার, কফিল উদ্দিন, শিহাব খালেদ মুন্না, মো. সাজ্জাদ মো. আরিফ প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ৭:২৭ রাত