২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ www.24ghonta.news৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৌদির বিমানবন্দরে হামলা: ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ । ১১:২১ সকাল

সৌদি আরবে হুথিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রুট দুটির ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। পরে দাম্মাম রুটে ফ্লাইট চালু হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে একটি ফ্লাইট ঢাকা ছাড়ে। রাতেই আবার বন্ধের সিদ্ধান্ত এল।

বৃহস্পতিবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর বুধবার রাতে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দাম্মামগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

বিমান জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন।

টিকেট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধও জানানো হয়েছে।

বুধবার রাতে বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত প্রবাসীরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের হামলায় ঢাকা থেকে ১৩৫টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন