২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, ডাক পেলেন মন্ত্রী-উপদেষ্টারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:১৭ সন্ধ্যা

পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষ ও বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় ঠিক করতে ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা ও নতুন মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার।

সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী দুই দিন আগেই নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লাগায় বোর্ড গঠনের প্রক্রিয়া বিলম্বিত হয়।

আরও পড়ুন: জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ- প্রধানমন্ত্রী

এদিকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। দুপুর ১২টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

শ্রমিকদের এই আন্দোলন ও সংঘাতময় পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন