২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ট্রাম্পের প্রাসাদের কাছেই বিমান বিধ্বস্ত, নিহত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ১১:৪২ সকাল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে আবাসিক এলাকায় আছড়ে পড়ে আগুন ধরে যায় একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজে। এতে উড়োজাহাজের চালকসহ প্রাণ হারিয়েছেন ৯ জন।

শনিবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল বা প্রায় ১৪ দশমিক ৪৮ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি। এতে চালকসহ মোট ৯ জন আরোহী ছিলেন।

এফএএর বিবৃতি অনুযায়ী, দক্ষিণ ফ্লোরিডার পাম বিচের ক্রেস্টহেভেন এলাকার একটি আবাসিক স্থানে বিধ্বস্ত হয় জেটটি। আছড়ে পড়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মী ও জরুরি সেবাদানকারী দল দ্রুত সেখানে পৌঁছায়। নিরাপত্তার কারণে ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়ক বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, এলাকাটি এড়িয়ে চলতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসছে। এর কিছুক্ষণ পরই বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের শিখা।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল লিয়ারজেট মডেলের। বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে উড্ডয়ন করে এটি। দুর্ঘটনার আগে উড়োজাহাজটি ৪১ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথভাবে কাজ করবে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তবে তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি। সংস্থাটি তদন্ত শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

জেআই/

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন